বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিল্পী হাসিনা সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন যে, নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং অনৈতিক সুবিধা না দিলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। তার এই মন্তব্যের পর বাউল অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়।
হাসিনা সরকার জানান, এই মন্তব্যের জেরে মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্টেজ প্রোগ্রাম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি অনেক জায়গায় তার নাম ঘোষণা করার পর তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শিল্পী হিসেবে তাকে কালো তালিকাভুক্ত করার চেষ্টাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, মূলত ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের ওই মন্তব্য করেছিলেন। তার দাবি, অদক্ষ শিল্পীরা নিয়মিত অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউলরা অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। রাগের মাথায় কথাগুলো বলা ভুল হয়েছে স্বীকার করে তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাউল অঙ্গনের সবাই যেন তাকে আগের মতো আগলে রাখেন, সেই অনুরোধও জানান এই শিল্পী।
বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়া শিল্পী হাসিনা সরকার অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ক্ষোভ ও হতাশা থেকে এমন কথা বলেছিলেন জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

0 Comments