বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন বাউলশিল্পী হাসিনা সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন যে, নারী বাউলশিল্পীরা প্রায়ই কুপ্রস্তাবের শিকার হন এবং অনৈতিক দাবি না মানলে অনেক সময় তারা গান গাওয়ার সুযোগ পান না। যদিও তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্যে বাউল অঙ্গনে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও বার্তায় এই শিল্পী জানান, বিতর্কিত মন্তব্যের জেরে তাকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। রাজধানীর মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকি অনেক জায়গায় তার গান গাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
হাসিনা সরকার বলেন, মূলত ক্ষোভ ও হতাশা থেকেই তিনি রাগের মাথায় ওই মন্তব্য করেছিলেন। তার দাবি, অদক্ষ শিল্পীরা কাজ পেলেও প্রকৃত বাউলরা অবহেলার শিকার হচ্ছেন। তবে তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান এবং আগের মতো তাকে আপন করে নেওয়ার অনুরোধ জানান।
বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিল্পী হাসিনা সরকার। ক্ষোভ থেকে এমন মন্তব্য করেছেন জানিয়ে তিনি সবার কাছে পুনরায় দোয়া ও সহযোগিতা কামনা করেন।

0 Comments