নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মানুষের হৃদয়ে স্থান করে নিতে হলে প্রকৃত নেতা হতে হবে এবং এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। দেশে শিক্ষিত মানুষের অভাব না থাকলেও বর্তমানে সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতা অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হতে পারে। মোস্তাফিজুর রহমান আরও বলেন, সুশিক্ষিত প্রজন্মই সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে পারে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁর সাপাহারে এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি প্রকৃত নেতা হতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments