ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় জানানো হয়, এখন থেকে যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহণ নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভার সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালের অভ্যন্তরে থাকা ৬টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার ন্যায্যতার ভিত্তিতে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। এ কাজে পরিবহণ মালিক সমিতি সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশকে সহায়তা করবে। এছাড়া টার্মিনালের বাইরে বা আশপাশে গড়ে ওঠা সব অনুমোদনহীন কাউন্টার এবং অভ্যন্তরের অবৈধ দোকানপাট দ্রুত উচ্ছেদ করা হবে।
অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মূল নকশা অনুযায়ী বাস চলাচলে ফ্লাইওভারের ব্যবহার নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, সুপরিসর বিশ্রামাগার, পরিষ্কার টয়লেট এবং নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালের পরিপূর্ণ ব্যবহারের বিকল্প নেই। পরিবহণ মালিক ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে সায়েদাবাদকে একটি আধুনিক ও ব্যবহার উপযোগী টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে। সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, বাসগুলো টার্মিনালের ভেতর থেকে চলাচল করলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ঢাকার যানজট নিরসন ও গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়ন করছে ডিএসসিসি। অবৈধ কাউন্টার উচ্ছেদ ও যাত্রীসেবা বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এতে ফিরবে শৃঙ্খলা ও নিরাপত্তা।

0 Comments