বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে বড় পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের নিরাপত্তার জন্য নিয়োজিত গাড়িবহরের যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খরচ কমানো ও মিতব্যয়িতা উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনী বা এসপিজিকে গাড়িবহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও নতুন কোনো গাড়ি না কেনার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন মোদি। ইতোমধ্যে এসপিজি এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা বিধিতে যেন কোনো প্রভাব না পড়ে, সেটিও নিশ্চিত করা হচ্ছে। মোদির এই উদ্যোগ অনুসরণ করে দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও তাদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মোদি দেশবাসীকে অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকা এবং বিদেশে বিয়ের আয়োজন বা ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন। দেশের রিজার্ভ সংরক্ষণকেও তিনি দেশপ্রেমের অংশ হিসেবে উল্লেখ করেন।
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে নিজের গাড়িবহর অর্ধেকে নামানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি দেশবাসীকে অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জনের আহ্বান জানান।

0 Comments