যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইংল্যান্ডের ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলস পার্লামেন্টেও ভোট গ্রহণ চলছে। লন্ডনের ৩২টি বরোতে ১ হাজার ৮১৭ জন কাউন্সিলর নির্বাচনের এই প্রক্রিয়ায় পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং ও রেডব্রিজ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
নির্বাচনী পর্যবেক্ষণে দেখা গেছে, টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম এবং রেডব্রিজ এই চার বরোতে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস ও নিউহামের মেয়র নির্বাচন এখন আলোচনার কেন্দ্রে। টাওয়ার হ্যামলেটসে বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং লেবার পার্টির সিরাজুল ইসলামের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অন্যদিকে, নিউহামে লেবার পার্টি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। তিনি জয়ী হলে যুক্তরাজ্যের কোনো মূলধারার বড় রাজনৈতিক দল থেকে মনোনীত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাস গড়বেন।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব লন্ডনের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি এখন আর কেবল প্রতীকী অবস্থানে নেই, বরং তারা একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অনেক ওয়ার্ডে বাংলাদেশি ভোটাররাই এখন জয়-পরাজয়ের প্রধান নির্ধারক হিসেবে বিবেচিত হচ্ছেন।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে লড়ছেন তিন শতাধিক বাংলাদেশি প্রার্থী। টাওয়ার হ্যামলেটস ও নিউহামে মেয়র পদে লুৎফুর রহমান ও ফরহাদ হোসেনের বিজয়ের সম্ভাবনা নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

0 Comments