সিবি ডেক্স: “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই” শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি তাকে একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সহায়তা পেয়ে টুলি বেগম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন অটোরিকশা পাওয়ায় তার পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা হবে এবং তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, অনলাইনে টুলি বেগমের বিষয়টি দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা তার পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য অসহায় পরিবারকে এভাবে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালানো হবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব, সুলতান আহমেদ রাহী, এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল টুলি বেগমের পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দেয়।
0 Comments