সিবি ডেক্স: ভারত ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার, ফেলোশিপ কর্মসূচি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে “ভারত-বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা: ফেলোশিপ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন” শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এতে সহযোগিতা করে ভারতের পিআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতাল।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও জনস্বাস্থ্য গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাসিনা বানু। প্রধান আলোচক ছিলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, যিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (ক্যান্সার রোগতত্ত্ব বিভাগ)।
ভারত থেকে আলোচনায় অংশ নেন কনসালট্যান্ট সার্জন ডা. কমল কিশোর বিষ্ণোই এবং ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জন ডা. কুরেশ বাম্বোরা।
বক্তারা বলেন, দুই দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব। বিশেষ করে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
এছাড়াও বৈঠকে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
0 Comments