Recents in Beach

ব্রেকিং নিউজ

অবরোধ না তুললে হরমুজ বন্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

সিবি ডেক্স: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। বাহিনীটির দাবি, ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরায়নি।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও যুক্তরাষ্ট্র এখনো তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো নৌযানকে ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। তিনি জানান, শর্তাধীন সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে।

তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি অভিন্ন কাঠামোতে দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু হবে না।

বর্তমান পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে।

Post a Comment

0 Comments