Recents in Beach

ব্রেকিং নিউজ

সম্পদের লোভে বাবাকে নির্যাতন, ছেলের বিরুদ্ধে অভিযোগ

সিবি ডেক্স: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ছোট লক্ষীপুর গ্রামে সম্পদের লোভে শতবর্ষী বাবাকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ছেলে মো. খলিলুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ খোরশেদ আলমকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০০ বছর বয়সী খোরশেদ ভুইঁয়াকে কয়েকদিন ধরে একটি বদ্ধ কক্ষে আটকে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, জমি-সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেই এই নির্যাতন চালানো হয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়নি। এমনকি খাবার নিয়েও তাকে কষ্ট দেওয়া হচ্ছিল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং সেই জের ধরেই এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। তারা অভিযুক্ত খলিলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃদ্ধকে উদ্ধারে সহায়তাকারী ফারুক মোল্লা বলেন, সম্পত্তির লোভে তার ছেলে শতবর্ষী বৃদ্ধকে মারধর করে না খাইয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। গোঙ্গানির শব্দ শুনে তারা গিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করেন। এমন ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অভিযুক্ত খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বাবা বাসায় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এবং তিনি কোনো মারধর করেননি।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল হালিম জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments