Recents in Beach

ব্রেকিং নিউজ

আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের খবর নাকচ করল সরকার

সিবি ডেক্স: সংস্কারে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে সরকার। শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি বৈঠক করেছে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার দলের সঙ্গে। দ্বিতীয় বৈঠক হয় আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে।

সরকার জানায়, উভয় বৈঠকই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের নীতিগত দৃষ্টিভঙ্গি, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে এবং কিছু বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষই মনে করছে।

আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে বর্তমান সরকারের সময়েও পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয়।

এছাড়া ‘সংস্কারে ব্যর্থতার কারণে আইএমএফ ঋণের কিস্তি স্থগিত করেছে’—এমন শিরোনামে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। সরকার জানিয়েছে, আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সাম্প্রতিক বৈঠকগুলোতেও এ ধরনের কোনো আলোচনা হয়নি।

Post a Comment

0 Comments