Recents in Beach

ব্রেকিং নিউজ

রাতভর লাইনে থেকেও তেল মিলছে না, রাজধানীতে চরম ভোগান্তি

সিবি ডেক্স: জ্বালানি সংকটের কারণে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। ঘণ্টার পর ঘণ্টা এমনকি রাতভর অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের মোটরসাইকেল চালকরা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। কেউ রাত ১০টা থেকেই অবস্থান করছেন, আবার কেউ ভোরে এসে লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না।

মাদরাসা শিক্ষক ও ইমাম মিজানুর রহমান জানান, তিন দিন ধরে বিভিন্ন পাম্পে ঘুরেও তিনি তেল পাননি। এক পর্যায়ে কুড়িলের পিনাক্যাল পাম্পে লাইনে দাঁড়িয়ে রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে তেল দেওয়ার আশ্বাস পেলেও পরে জানানো হয় সরবরাহ নেই। শনিবার এসে দেখেন তার মোটরসাইকেল লাইনের স্থান থেকে সরানো হয়েছে, এরপর আবার নতুন করে লাইনে দাঁড়াতে হয়েছে।

একই ভোগান্তির কথা জানান রাইড শেয়ারিং চালক মো. হাসান আলী। তিনি বলেন, তেলের জন্য দিন পার করলে আয়-রোজগার করা সম্ভব নয়, এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চালকদের অভিযোগ, পাম্প থেকে আড়ালে তেল বাইরে বিক্রি হচ্ছে বেশি দামে, যা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এতে নিম্নআয়ের মানুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প থাকছে না।

পাম্প সংশ্লিষ্টরা জানান, সরবরাহ কম থাকায় নির্দিষ্ট সময় বেঁধে তেল বিক্রি করা হচ্ছে। কোনো পাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত, আবার কোথাও বিকেল থেকে রাত পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। সরবরাহ শেষ হয়ে গেলে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

পিনাক্যাল পাওয়ার লিমিটেডের ম্যানেজার সৈয়দ নুরুল হাসান বলেন, তাদের পাম্পে প্রতিদিন প্রায় ৯ হাজার লিটার জ্বালানি সরবরাহ আসে, যা দৈনিক প্রায় ১৮ হাজার লিটার চাহিদার তুলনায় অনেক কম। ফলে সংকট কাটছে না।

তিনি আরও জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু মধ্যস্বত্বভোগী চক্র গড়ে উঠেছে, যারা পাম্প থেকে তেল সংগ্রহ করে মজুত করে বেশি দামে বিক্রি করছে। পাশাপাশি পাম্পে শৃঙ্খলা বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে, কারণ অনেকে নিয়ম ভেঙে লাইনে প্রবেশ করছে এবং একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করছে।
সূত্র: ঢাকা পোস্ট

Post a Comment

0 Comments