সিবি ডেক্স: যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
তিনি জানান, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুকূলে না এলে পুনরায় বোমা হামলা শুরু হতে পারে। তার ভাষায়, একদিকে অবরোধ চলবে, অন্যদিকে প্রয়োজনে হামলা আবার শুরু করতে হতে পারে।
গত ৮ এপ্রিল কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুই দেশ বর্তমানে পরোক্ষ আলোচনায় রয়েছে। এ সপ্তাহান্তে উভয় পক্ষের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাতে পারে এবং সোমবার নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। ইরান জানিয়েছে, শর্তসাপেক্ষে প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে এবং মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এটি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই জলপথে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে প্রণালিটি খুলে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে এবং কেবল চুক্তি সম্পন্ন হলেই তা প্রত্যাহার করা হবে।
0 Comments