সিবি ডেক্স: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা।
গ্রেফতারকৃতরা হলেন মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) ও রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করা এবং বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গোপনে বৈঠক করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি বিস্কুট মোড় এলাকায় তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে। অভিযানে তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
0 Comments