জুলাইয়ের আহত-শহীদ পরিবারে বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর

সিবি ডেক্স: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে এবং জুলাইয়ের যোদ্ধাদের কল্যাণে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে ভাগ করে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণির জন্য প্রায় ২০ হাজার টাকা, খ শ্রেণির জন্য ১৫ হাজার টাকা এবং গ শ্রেণির জন্য নির্ধারিত হারে ভাতা দেওয়া হচ্ছে। শহীদ প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর’ গঠন করে ক্ষতিগ্রস্তদের কল্যাণ ও পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ঝরে পড়া সন্তানদের শিক্ষাভাতা দিয়ে আবার শিক্ষায় ফেরানো এবং হাত-পা হারানো বা কর্মক্ষমতা কমে যাওয়া ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে পুনর্বাসন প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে এবং ভুয়া সুবিধাভোগীদের কাছ থেকে আর্থিক সুবিধা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সব সুবিধা পান, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments