সিবি ডেক্স: এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন এবং দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দেন।
পরবর্তীতে ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফায় বৃদ্ধি করে।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।
0 Comments