ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ১ এপ্রিল থেকে কঠোর অভিযান: ডিএমপি।

সিবি ডেক্স: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশে ফুটপাত ও সড়ক দখলের কারণে জনদুর্ভোগ বাড়ছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট ও নিরাপত্তা ঝুঁকি।

এ পরিস্থিতিতে অবৈধ দখল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম দোকানের বাইরে সম্প্রসারণ করে ফুটপাত ও সড়ক দখল করছে। রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, ওয়ার্কশপের যন্ত্রপাতি, টায়ার, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনীসহ বিভিন্ন সামগ্রী ফুটপাত ও রাস্তায় রাখা হচ্ছে।

এছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপগুলো ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গাড়ি মেরামত করছে, ফলে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং তারা বাধ্য হয়ে সড়কে নামতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।

ডিএমপি জানায়, জনস্বার্থে অবিলম্বে এসব অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments