সিবি ডেক্স: যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫), তার ছেলে মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির মেয়ে শেহেরিশ (৪)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনির স্ত্রী সাবরিনা জাহান (৩০), ছেলে সামিন আলমাস (১০) ও মা মনোয়ারা বেগম (৬০)।
জানা গেছে, জাকারিয়া জনি পরিবারসহ চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বটগাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা নিহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটি শেহেরিশকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, চালকের চোখে ঘুম আসার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 Comments