সরকারি ডাক্তার ডিউটির সময় চেম্বার করলে লাইসেন্স স্থগিতের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

সিবি ডেক্স: সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত চেম্বার করলে চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি ওষুধ যাতে সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

তিনি বলেন, শরীয়তপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজেশ মজুমদার হাজিরা খাতায় স্বাক্ষর করে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে অন্য চিকিৎসকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না—এ বিষয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা সনদ বা লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।

Post a Comment

0 Comments