মার্কিন ঘাঁটির অবস্থান ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে ইরানকে তথ্য দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থানও রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের একজন জানান, এই সহায়তা একটি বিস্তৃত প্রচেষ্টার অংশ বলেই মনে হচ্ছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে ইরানের জন্য সুবিধা তৈরি হচ্ছে।

এর আগে নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত সাতটি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সপ্তাহান্ত ও সোমবার পরিচালিত এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনা।

Post a Comment

0 Comments