চট্টগ্রামে মোটরসাইকেল সংঘর্ষে কাতারপ্রবাসী নিহত, আটক এক

সিবি ডেক্স: চট্টগ্রাম নগরীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা এবং মনিরুজ্জামানের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। প্রায় ১৮ বছর ধরে কাতারে প্রবাসজীবন কাটিয়ে দুই মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে নগরী থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. জাহেদ হোসেন জানান, বিকট শব্দ শুনে গিয়ে দেখেন দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সোলায়মান গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মো. তৌহিদুল ইসলাম বলেন, দুই মাস আগে দেশে আসা সোলায়মানের সঙ্গে নিয়মিত সময় কাটিয়েছেন তারা। তার হঠাৎ মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলায়মান। তাদের সংসারে দুই ছেলে রয়েছে, যার মধ্যে বড়টি সপ্তম শ্রেণিতে এবং ছোটটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments