সিবি ডেক্স: ঈদের ছুটিতে নগরবাসীকে জরুরি সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালাউদ্দিনকে দেখতে গিয়ে এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করতে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং বর্তমানে সালাউদ্দিনের অবস্থা উন্নতির দিকে, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
জানা যায়, ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মাথা ও হাতে গুরুতর আঘাত পান সালাউদ্দিন আহমেদ।
পরিদর্শনের সময় প্রশাসক আহতের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি আরও জানান, বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণের জন্য জরিপ কার্যক্রমও চালানো হচ্ছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।
0 Comments