ইসলামপুরে বিস্ফোরক মামলায় ১০ আ.লীগ নেতাকর্মী কারাগারে

সিবি ডেক্স: জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় হাজিরা দিতে এসে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল ও যুব লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন রয়েছেন।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করেন। পরে বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়। পাশাপাশি আরও ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

রোববার ১০ জন আসামি জামিনের আবেদন করে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে আরও রয়েছেন— গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, আসামিরা স্বেচ্ছায় জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

Post a Comment

0 Comments