সিবি ডেক্স: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ছাবের আহমদ দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত এই নেতা কয়েক দিন আগে আদালতে হলফনামা দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ছাড়ার কথা জানান।
গত বুধবার চট্টগ্রাম আদালতে সম্পাদিত ওই হলফনামায় সাক্ষী হিসেবে চরপাথরঘাটা ইউনিয়নের আব্দুর রহমান ও আমির হোসেন আমুর নাম উল্লেখ করা হয়। বিষয়টি রবিবার (২৯ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন চরপাথরঘাটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তবে এই পদ তাকে জেলার নেতারা স্বপ্রণোদিতভাবে দিয়েছিলেন এবং তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
তিনি আরও জানান, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ বিষয়ে একাধিকবার জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবহিত করলেও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।
হলফনামায় তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ কিংবা সাংগঠনিক পদে যুক্ত থাকবেন না। তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কোনো চাপ বা প্রভাব ছাড়া নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ছাবের আহমদ বলেন, কিছু আওয়ামী লীগ নেতার চাপেই তাকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নৌকা প্রতীক ছাড়াও একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং মিছিল-সমাবেশেও অংশ নেননি। কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি বারবার জানালেও তা গুরুত্ব না পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি কোনো দলের সঙ্গে জড়িত নন বলে জানান।
0 Comments