জ্বালানি তেলে রেশনিং পদ্ধতি তুলে দিচ্ছে সরকার, স্বাভাবিক বিক্রি শুরু

সিবি ডেক্স: দেশে জ্বালানি তেল ক্রয়ে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে দিতে যাচ্ছে সরকার। এর ফলে সব ধরনের যানবাহনের জন্য জ্বালানি তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকবে না।

শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, আগামীকাল রোববার (১৫ মার্চ) থেকে জ্বালানি তেলে রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সেই পরিস্থিতিতে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জন্য জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা চালু করে সরকার।

রেশনিং কার্যক্রম শুরুর সময় মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ বা লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়।

পরবর্তীতে রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়। রাইডশেয়ারিং চালকদের চাহিদা বিবেচনায় মোটরসাইকেলের জ্বালানি সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয় এবং সামগ্রিক রেশনিং ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরকার রেশনিং পদ্ধতি তুলে দিয়ে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও বিক্রি চালু করার উদ্যোগ নিয়েছে।

Post a Comment

0 Comments