শ্যুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু

সিবি ডেক্স: টালিউডের আলোচিত ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিং চলাকালে পানিতে তলিয়ে যান রাহুল। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি পাওয়া এই অভিনেতা একই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরবর্তীতে বিয়ে করেন। যদিও তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছিল, পরে সন্তান সহজের কথা বিবেচনা করে তারা আবার একসঙ্গে থাকতে শুরু করেন।

দুই দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করা রাহুল ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মে সমানভাবে সক্রিয় ছিলেন। বর্তমানে তাকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল, যেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল। এছাড়া ‘হরগৌরী পাইস হোটেল’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি তাকে হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তেও দেখা গেছে, যেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয়জীবন শুরু হয় বিজয়গড় থিয়েটার দলের ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে। তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

অভিনেত্রী সোমাশ্রী চাকি তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে শ্যুটিং করেছেন। তিনি বলেন, শ্যুটিং শেষে ফেরার সময় রাহুল বলেছিলেন, ‘আর দেখা হবে না আমাদের।’

Post a Comment

0 Comments