টয়লেট সংকটে বিপাকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, নাবিকদের ভোগান্তি চরমে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরি USS Gerald R. Ford এক অদ্ভুত সমস্যায় পড়েছে। যুদ্ধ প্রস্তুতির চেয়ে এখন জাহাজটির পয়োনিষ্কাশন ব্যবস্থার ত্রুটিই বেশি আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে অনেকে একে ‘টয়লেট যুদ্ধ’ বলেও উল্লেখ করছেন।

সংবাদমাধ্যম NPR ও The Wall Street Journal–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ হাজার নাবিক ও সেনা থাকা এই বিশাল রণতরিতে সচল টয়লেটের সংখ্যা এখন খুবই কম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শৌচাগার ব্যবহারের জন্য একজন নাবিককে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

গত ১৫ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জাহাজটির অত্যাধুনিক বর্জ্যনিষ্কাশন নালাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর জটিল ভ্যাকুয়াম সিস্টেম ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত পুরোপুরি মেরামত করা সম্ভব নয়। ফলে সাগরে অবস্থানরত নাবিকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে।

তবে মার্কিন নৌবাহিনী দাবি করেছে, এই সমস্যার কারণে তাদের যুদ্ধ প্রস্তুতি বা সামরিক সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। তবুও বিষয়টি ইন্টারনেটে ব্যাপক আলোচনা ও ব্যঙ্গের জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই বৃহত্তম যুদ্ধজাহাজটি কয়েক মাস সাগরে থাকার পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। কারণ, ইরান–এর সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এর মিশনের সময়সীমা বাড়ানো হয়েছে। দীর্ঘ সময় সাগরে অবস্থান ও ত্রুটিপূর্ণ প্লাম্বিং ব্যবস্থার কারণে নাবিকদের মনোবলেও প্রভাব পড়ছে বলে জানা গেছে।

রণতরিটির অধিনায়ক ডেভিড স্কারোসি নাবিকদের পরিবারের উদ্দেশে লেখা এক চিঠিতে মিশনের মেয়াদ দ্বিতীয়বার বাড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দ্রুত দেশে ফেরার আশা থাকলেও পরিস্থিতির পরিবর্তনে তা সম্ভব হয়নি।

সাধারণত শান্তিকালে একটি বিমানবাহী রণতরির মিশন ছয় মাস স্থায়ী হয়। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি জানান, জরুরি প্রয়োজনে সময়সীমা কিছুটা বাড়ানো হলেও এই জাহাজটি স্বাভাবিক সময়সীমার তুলনায় অনেক বেশি সময় ধরে সাগরে রয়েছে।

বর্তমানে মার্কিন নৌবাহিনীর বহরে ১১টি বিমানবাহী রণতরি রয়েছে। এর মধ্যে জেরাল্ড আর ফোর্ডের পাশাপাশি USS Abraham Lincoln–কেও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, জাহাজটির প্রায় ৬৫০টি শৌচাগার নিয়ন্ত্রণকারী বর্জ্যনিষ্কাশন ব্যবস্থায় নিয়মিত ত্রুটি দেখা দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিন অন্তত একবার প্রকৌশলীদের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে।

Post a Comment

0 Comments