সিবি ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও ছবি ব্যবহার করে ছড়ানো ভুয়া ফটোকার্ড নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। সম্প্রতি ফেসবুকে তার উপস্থাপনার ধাঁচ নকল করে কিছু ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে বিভিন্ন বক্তব্য জুড়ে দেওয়া হলেও সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
এ বিষয়ে এক বিবৃতিতে হানিফ সংকেত জানান, সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, বরং এটি অপরাধের শামিল। দুঃখজনকভাবে অনেকেই যাচাই না করেই এসব বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ চার দশক ধরে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন। তার প্রকৃত বক্তব্য বা কোনো ফটোকার্ড কেবল তার ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হয়।
প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সতর্ক করে তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান, অজানা বা অচেনা উৎস থেকে পাওয়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করতে এবং তা শেয়ার করা থেকে বিরত থাকতে।
উল্লেখ্য, সম্প্রতি তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে রাজনৈতিক একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সেই বক্তব্য নিজের নয় বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন হানিফ সংকেত।
0 Comments