সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র জেনারেল মুহুজি কাইনেরুগাবা।
বুধবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, উগান্ডা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত অবসান চাইলেও ইসরায়েল যদি অস্তিত্ব সংকটে পড়ে বা পরাজয়ের মুখোমুখি হয়, তবে তারা নীরব থাকবে না।
তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো প্রচেষ্টা উগান্ডাকে সরাসরি যুদ্ধে টেনে আনবে এবং সেই যুদ্ধে তারা ইসরায়েলের পক্ষেই লড়বে।
এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
কাইনেরুগাবা একদিকে বিশ্ববাসীর ক্লান্তির কথা উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে কোনো আপস না করার ইঙ্গিত দেন।
ইসরায়েলের প্রতি উগান্ডার এই অবস্থানের পেছনে ঐতিহাসিক ও ব্যক্তিগত আবেগও রয়েছে। সম্প্রতি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাটান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারের অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে নিহত হন ইয়োনি নেতানিয়াহু। সেই ঘটনার পর থেকেই উগান্ডা ও ইসরায়েলের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে।
0 Comments