সিবি ডেক্স: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মরিয়ম আক্তার (৪) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই এলাকার মিজানুর রহমানের মেয়ে। পুলিশ জানিয়েছে, গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নিতে গিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ইফতারের আগমুহূর্তে প্রতিবেশী সাদ্দাম মিয়ার রান্নাঘরের চুলার ভেতর মরদেহটি দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাদ্দাম মিয়া (৩৮) ও তার ছেলে ইয়াছিন মিয়া (১৬) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নেশার টাকার জন্য চেইন ছিনিয়ে নিতে গিয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘটনা গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।
নিহতের স্বজনরা জানান, ঈদ উপলক্ষে মরিয়মের জন্য নতুন পোশাক কেনার প্রস্তুতি চলছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments