রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি, গরমের মধ্যে স্বস্তি পেল ঢাকাবাসী

সিবি ডেক্স: টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

ফাগুনের এই বৃষ্টি বেশি সময় স্থায়ী না হলেও নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ইফতারের পর বাইরে বের হওয়া মানুষজন বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়েন। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে অনেকেই কেনাকাটার জন্য বের হয়েছিলেন, ফলে আকস্মিক বৃষ্টিতে তাদের চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী শনিবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। সে সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

Post a Comment

0 Comments