সিবি ডেক্স: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান আলী বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফির সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তার ভাই শাহাদত হোসেন (২৩), একই এলাকার মৃত ইব্রাহীমের ছেলে শাকিল (২৫) এবং হাবিবপুর এলাকার আকাশ (২৭)।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন একটি ওয়াল্টন কারখানার পাশে নির্জন স্থানে তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি ছুরি, চাপাতি ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর আলম, রেজাউল করিম ও হারুন অর রশিদ।
পরবর্তী সময়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
0 Comments