পশ্চিম এশিয়ায় ১৭ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সিবি ডেক্স: পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ তথ্য জানিয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শেখারচি দাবি করেন, পশ্চিম এশিয়ায় স্থাপিত যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে ধ্বংস করেছে এবং এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। 

তিনি ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। 

শেখারচি আরও দাবি করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ইরানের ওপর কেউ হামলা চালালে পাল্টা আঘাতে শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করা হবে। 

তিনি বলেন, শত্রুকে শাস্তি দেওয়া এবং হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা কৌশল অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গত ৫০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখে আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তার নামে প্রভাবিত করেছে। 

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের মতো থাকবে না এবং যুদ্ধ শেষ হলেও ইরানের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। 

আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। পাশাপাশি সতর্ক করে বলেন, কোনো দেশ তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দিলে তার পরিণতি ভোগ করতে হবে। 

তিনি আরও জানান, ইরান তাদের সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল রয়েছে। 

Post a Comment

0 Comments