সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল নিয়ে আওয়ামীলীগের ৮৭ জনের বিরুদ্ধে মামলা

সিবি ডেক্স: স্বাধীনতা দিবসে সুনামগঞ্জ আদালত চত্বরে স্মৃতিসৌধে ফুল দেওয়া এবং মিছিল-স্লোগানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি করেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। এজাহারে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে স্বাধীনতা দিবসের সকালে সুনামগঞ্জ আদালত চত্বরে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে ২৫ থেকে ৩০ জন আইনজীবী অংশ নেন, যাদের মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। 

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে মিছিল ও স্লোগানের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ঘটনার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে সংগঠনের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মনিষ কান্তি দে এবং সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান শামীমকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জ যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, যারা স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়েছেন, তাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে। 

Post a Comment

0 Comments