মিরসরাইয়ে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগি হত্যা, তদন্তে পুলিশ

সিবি ডেক্স: চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অ্যাসিড ছুড়ে প্রায় ২০০টি মুরগি হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) সকালে পোলট্রি খামারি নুরুল আলমের খামারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় ২ হাজার মুরগির ওই খামারে নুরুল আলম প্রায় সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। খামারের পাশের এক ব্যক্তির সঙ্গে তার একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে কেউ এই অমানবিক কাজটি করতে পারে।

ক্ষতিগ্রস্ত খামারি নুরুল আলম বলেন, ঋণ নিয়ে কষ্ট করে তিনি খামারটি পরিচালনা করছিলেন এবং এটি ছিল তার পরিবারের ছয় সদস্যের একমাত্র উপার্জনের উৎস। তিনি অভিযোগ করেন, খামারের পাশে দেলোয়ার নামের এক ব্যক্তি ভাড়ায় থাকতেন। তাকে বাসা ছাড়তে বলায় তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়, যা স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছিল। তবে ক্ষোভের বশে দেলোয়ারই এই ঘটনা ঘটাতে পারেন বলে তার ধারণা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মুরগি হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments