তেলের সংকটে ঠাকুরগাঁওয়ে বিয়েতে বরের জন্য উপহার ৫ লিটার অকটেন

সিবি ডেক্স: সারাদেশে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েনের প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোক্তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এমন বাস্তবতায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য।

ওই বিয়েতে বরের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করে। অনেকেই বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রীতে পরিণত হয়েছে। তাই এমন উপহার যেমন ব্যতিক্রমী, তেমনি বাস্তবতার প্রতিফলনও।

অকটেন উপহার দেওয়া জহিরুল ইসলাম জানান, জ্বালানি তেল পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল মিলছে না, ফলে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এই অবস্থায় বর-কনের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই তিনি অকটেন উপহার দিয়েছেন।

উপহার পেয়ে বর রাতুল হাসান সাফি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি একটি ব্যতিক্রমী উপহার এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে এটি বেশ কাজে লাগবে।

Post a Comment

0 Comments