হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে দাবি ইরানের, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি

সিবি ডেক্স: হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার। একই সঙ্গে ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি ওই কমান্ডার জানান, ইরানের সামরিক বাহিনী মার্কিন সৈন্যদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

কমান্ডারের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতসহ বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।

প্রণালিটির একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত হওয়ায় সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ।

বিশেষজ্ঞদের মতে, এই প্রণালি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Post a Comment

0 Comments