রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২, আহত কয়েকজন

সিবি ডেক্স: বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। আর রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে চারজনের মরদেহ।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি মরদেহ রাখা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তার চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দা মিঠু জানান, দুর্ঘটনার শিকার একটি পরিবারের বড় ছেলে জনি তাকে ফোন করে বলেন যে, তিনি ছাড়া পরিবারের অন্য সবাই একই গাড়িতে ছিলেন এবং তারা সবাই মারা গেছেন। পরে তিনি রামপাল হাসপাতালে যাচ্ছেন বলে জানান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, হাসপাতালে এসে কাউকে জীবিত পাওয়া যায়নি এবং সবাই মারা গেছেন বলে জানা গেছে।

Post a Comment

0 Comments