কালীগঙ্গায় মাথাবিহীন লাশ: বন্ধুরাই ডেকে নিয়ে হত্যা

সিবি ডেক্স: মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের রহস্য উন্মোচন করেছে জেলা পিবিআই। নিহত অটোরিকশাচালক রফিককে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জ পিবিআই পুলিশের পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা রফিককে তার বন্ধু নির্মাণ শ্রমিক রিপন, সজিব ও আরমান গাঁজা সেবনের কথা বলে রাতে ডেকে নেয়। পরে তাকে একটি অটোরিকশায় করে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ-বারইল এলাকায় কালীগঙ্গা নদীর তীরে নিয়ে যাওয়া হয়।

সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী আরমান প্রথমে রফিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর রিপন ধারালো দা দিয়ে তার গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করে। এ সময় আরমান ও সজিব তাকে ধরে রাখে।

হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে তারা মাথা ও শরীর নদীতে ফেলে দেয়। তবে শরীরটি ভেসে ওঠায় আতঙ্কিত হয়ে তারা রফিকের পেট কেটে নদীর তীরে ফেলে রেখে যায়। পরে ভোররাতে নিহতের অটোরিকশা নিয়ে রিপন সাভারের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর কালীগঙ্গা নদী থেকে গলাকাটা লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে রিপন, আরমান ও সবুজকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিস্তারিত স্বীকার করে।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Post a Comment

0 Comments