আলফাডাঙ্গায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামে পানিতে ডুবে তাসকিন শেখ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাসকিন একই গ্রামের সোহেল শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একসময় তার মা রিক্তা বেগম খালের পানিতে তাসকিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments