ভাঙ্গুড়ায় ৩০ দিন নামাজ আদায়কারী ৫৭ শিশু-কিশোর পেল পুরস্কার

সিবি ডেক্স: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শিশু-কিশোরদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে পবিত্র মাহে রমজানে টানা ৩০ দিন সালাত আদায়কারী ৫৭ জনকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভাঙ্গুড়া পৌরসভার কুমরাডাঙ্গা জামে মসজিদ চত্বরে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)-এর আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার।

প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১১৭ জন শিশু-কিশোর। তাদের মধ্যে চারটি ক্যাটাগরিতে ৫৭ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৭ জনকে বাইসাইকেল, দ্বিতীয় ক্যাটাগরিতে ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি, ছাতা, চাবির রিং ও বিস্কুট, তৃতীয় ক্যাটাগরিতে ১৯ জনকে জায়নামাজ, ঘড়ি ও চাবির রিং এবং চতুর্থ ক্যাটাগরিতে ৬ জনকে জায়নামাজ ও চাবির রিং প্রদান করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। অভিভাবকদের মতে, এমন উদ্যোগের ফলে শিশুদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বেড়েছে এবং তারা নিয়মিত মসজিদমুখী হচ্ছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments