সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ব্রজ মোহন সিং বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কখনো কখনো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। এতে অনেক সময় মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পান না।
তিনি জানান, বারবার নিরাপদ বলা হলেও বাঙ্কারের ভেতরেও অনেক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া যেসব এলাকাকে সরকার নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ব্রজ মোহন সিং বলেন, সরকার অনেক তথ্য প্রকাশ করছে না। যেখানে মরদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও সাংবাদিকদের দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, অনেক সময় সেটিও জানা যায় না। ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তার চিত্র ধারণেও বাধা দেওয়া হয়েছে এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং সাংবাদিকের এসব দাবির ব্যাপারেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
0 Comments