জ্বালানি সংকট-নিরাপত্তাহীনতায় বন্ধের শঙ্কায় দেশের পেট্রল পাম্প

সিবি ডেক্স: জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারা দেশের পেট্রল পাম্পগুলোর অবস্থা অত্যন্ত করুণ। কোম্পানি থেকে সরবরাহকৃত দৈনিক জ্বালানি দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।

এর ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একইসঙ্গে দীর্ঘ সময় চাপের মধ্যে কাজ করতে গিয়ে পাম্পের কর্মীরাও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় যেকোনো সময় পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটি আরও জানায়, জ্বালানি বিক্রির সময় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পাম্পে বিশৃঙ্খলা বাড়ছে। অনেক মোটরসাইকেল চালক দিনে একাধিকবার তেল নিয়ে তা বাইরে বেশি দামে বিক্রি করছেন। আবার অনেকে আংশিক ভর্তি ট্যাংক নিয়েও বারবার তেল নিতে আসছেন, ফলে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের আগের দিন একটি পাম্পে প্রায় ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও সমপরিমাণ অকটেন মজুদ থাকলেও অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়। অন্য একটি পাম্পে থাকা প্রায় আট হাজার লিটার জ্বালানিও একইভাবে দ্রুত শেষ হয়ে যায়। এ পরিস্থিতিকে এক ধরনের লুটতরাজ বলে অভিহিত করেছে সংগঠনটি।

এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনায় লাঠিসোঁটা নিয়ে পাম্পে হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির দাবি, জ্বালানি সরবরাহের পাশাপাশি পাম্প ও ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। ট্যাংকার লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্প মালিকদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগের দিন অনেক পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য ন্যূনতম ২০০ লিটার অকটেনও সংরক্ষণ করা সম্ভব হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত না করলে ডিপো থেকে তেল সংগ্রহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানিয়েছে সংগঠনটি।

Post a Comment

0 Comments