হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু ইরানের, বাড়ছে সামুদ্রিক উত্তেজনা

সিবি ডেক্স: বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরানি সেনারা সেখানে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।

তবে নতুন তথ্যে জানা গেছে, মাইন বসানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে তেহরান। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা।

সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন মার্কিন গোয়েন্দা জানিয়েছেন, গত কয়েকদিনে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী।

তারা আরও জানান, ইরানের যে ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী নৌযান রয়েছে তার প্রায় ৮০ শতাংশ এখনো ব্যবহার করা হয়নি। অর্থাৎ চাইলে ইরানি বাহিনী হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে সক্ষম।

সিএনএন জানায়, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের কাছেও। তাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো হরমুজ এলাকায় মাইনের জাল তৈরি করা সম্ভব।

এ ছাড়া জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ব্যবহার করে সেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতাও রয়েছে তাদের।

এর আগে গত সপ্তাহে বিপ্লবী গার্ড এক হুঁশিয়ারিতে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

Post a Comment

0 Comments