গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের মাধ্যমে লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং ঢাকার কার্যালয়ের প্রধান সম্পাদক মীর সাব্বিরের কাছে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ পাঠানো হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহদী হাসান নিজেই আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানাতে এবং নিজের দাবি অনুযায়ী মানহানিকর ও অন্যায় তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, বিবিসি বাংলা যথাযথ যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির কর্মী হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ভিত্তিহীন তথ্য প্রকাশের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
নোটিশে বিবিসি বাংলাকে সংশ্লিষ্ট প্রতিবেদনটির বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহার করে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া হলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
0 Comments