উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো আইনি প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments