সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল সরবরাহে বিঘ্নের কারণে ফিলিপাইন বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, কারণ দেশটি প্রায় ৯৮ শতাংশ তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। গত তিন সপ্তাহে দেশটিতে একাধিকবার জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে। যুদ্ধ শুরুর পর ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।
ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশে দেশের জ্বালানি সরবরাহে ‘আসন্ন বিপদের’ কথা উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, এই ঘোষণা সরকারকে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেবে।
এই আদেশের আওতায় জ্বালানি, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের ক্ষমতাও দেওয়া হয়েছে। আদেশটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে।
দেশটির জ্বালানিমন্ত্রী শ্যারন গেরিন জানিয়েছেন, বর্তমানে ফিলিপাইনের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে।
0 Comments