জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য অবৈতনিক শিক্ষার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

সিবি ডেক্স: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।  

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।  

এছাড়া বিনা মূল্যে স্কুল ড্রেস ও জুতা (কেডস) প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজে কোরআনদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।  

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই কর্মসূচি দেশের মানুষের কল্যাণ ও তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন, জনগণের স্বপ্ন বাস্তবায়নই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য।

Post a Comment

0 Comments