সিবি ডেক্স: আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয়। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ এবং কোরআনে হাফেজদের সম্মান দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। জাতীয়করণকৃত ৫০ বছরের ঊর্ধ্ব শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ের মধ্যে সারা দেশের সব প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও কেডস দেওয়া হবে। পাশাপাশি এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া গণ-অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, এই কর্মসূচি দেশের মানুষের কল্যাণ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
0 Comments