রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার আগে সকাল ১১টার দিকে সাগরের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় তাকে মারধর করেন। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলেন, সাগরকে ডেকে আনতে। পরে তিনি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর জানতে পারেন সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তৌফিক আরও বলেন, সাগরের সঙ্গে তাদের কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা তিনি জানেন না। তবে সকালে তাদের হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছেন বলে দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুই পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মোটরসাইকেলে করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
0 Comments